রাজধানীর মোহাম্মদপুরে এক ব্যক্তির পোষা বিড়ালকে নিষ্ঠুরভাবে হত্যা করার ঘটনায় অভিযুক্ত আকবর হোসেন শিবলুকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১১ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের আদালত এই রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, জরিমানা অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
মামলার অভিযোগ অনুযায়ী, গত বছরের ১ ফেব্রুয়ারি মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের একটি ফ্ল্যাটের বাসিন্দা মনসুরের পোষা বিড়ালটি হারিয়ে যায়। পরে ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, অভিযুক্ত শিবলু বারবার লাথি মেরে বিড়ালটিকে হত্যা করেন। ঘটনার পর ‘পিপলস ফর অ্যানিমাল ওয়েলফেয়ার’-এর পক্ষে নাফিসা নওরীন চৌধুরী আদালতে মামলা দায়ের করেন এবং তদন্ত শেষে অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় আদালত এই সাজা ঘোষণা করেন।